নজর২৪ ডেস্ক- ‘আপনার বড় ভাই এখন র্যাব হেফাজতে আছে। তাকে র্যাব অফিসে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। সম্ভবত ক্রসফায়ার (বন্দুকযুদ্ধ) দেওয়া হতে পারে। যদি তাকে বাঁচাতে চান, তাহলে দ্রুত দুই কোটি টাকা রেডি করে রাখেন। ’
রাজধানীর মীরবাগের বাসিন্দা তামজিদ হোসেনকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় শুক্রবার (৯ এপ্রিল) এক নারী ও চার র্যাব সদস্যকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে সেনাবাহিনীর তিনজন ও বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।
ঘটনার সঙ্গে যুক্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য পলাতক রয়েছেন। অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত ল্যান্স করপোরাল দুলাল মৃধা, সৈনিক রোকন মিয়া, ল্যান্স করপোরাল মো. রনি ও সৈনিক সাগরকে সংশ্লিষ্ট বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে হাতিরঝিল থানা-পুলিশ।
আর রানু বেগম নামের ওই নারীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তাঁকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনী ও একজন বিমানবাহিনীর সদস্য হওয়ায় তাঁদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইন–কানুন অনুযায়ী হবে।
র্যাব সদস্যদের হাতে অপহরণের শিকার তামজিদ হোসেনের বোন রাইয়ানা হোসেন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হাতিরঝিল থানায় ঘটনার পুরো বর্ণনা দিয়ে মামলা করেছেন। মামলায় আসামিদের কারও নাম–পরিচয় উল্লেখ করা হয়নি। এ বিষয়ে থানা–পুলিশও কোনো তথ্য দেয়নি।
মামলার এজাহারে রাইয়ানা হোসেন বলেন, ‘আমার বড় ভাই তামজিদ হোসেন বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উত্তরা যাওয়ার কথা বলে আমাদের মীরবাগের বাসা থেকে বের হন। বেলা ১২টার দিকে এক ব্যক্তি নিজেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আমার মোবাইল নম্বরে কল করেন। তিনি আমাকে জানান, আমার বড় ভাই (তামজিদ) র্যাব হেফাজতে আছে। এ বিষয়ে থানা পুলিশ বা ডিবিকে না জানানোর কথা বলেন ওই কর্মকর্তা। পুলিশ বা ডিবিকে এ বিষয়ে জানালে আমার বড় ভাইকে প্রাণে মেরে ফেলা হবে বলেও তিনি আমাকে জানান।’
অপহরণের শিকার তামজিদের বোন এজাহারে উল্লেখ করেন, ‘এরপর র্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া সেই ব্যক্তি ফোনের লাইন কেটে দেন। পরবর্তী সময়ে আমি অনেকবার তার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু বারবার আমার কল কেটে দেন।’
মামলার বাদী বলেন, ‘পরে দুপুর দেড়টার দিকে সেই ব্যক্তি আবার কল দেন। মোবাইলফোনে তিনি আমাকে জানান, আমার বড় ভাইকে র্যাব অফিসে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। তার নামে অস্ত্র ও মাদক আইনে মামলা হবে। আমার বড় ভাইকে র্যাবের কোন অফিসে, কোন সিনিয়র অফিসার জিজ্ঞাসাবাদ করছেন- তা জানতে চাইলে, সেই ব্যক্তি জানান, এই মুহূর্তে আপনার ভাই র্যাবের কোন অফিসে আছেন- তা বলা যাবে না। তাকে ক্রসফায়ারও দেওয়া হতে পারে। যদি আপনার ভাইকে বাঁচাতে চান, তাহলে দুই কোটি টাকা রেডি করেন।’
রাইয়ানা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফোনে আমার ভাইকে তার সহযোগীদের দ্বারা মারধর করার শব্দ শোনান এবং আমার ভাইকে মোবাইলফোন দিলে সে কাঁদতে কাঁদতে জানায়, তাকে চোখ বেঁধে গাড়িতে তুলে মারধর করা হচ্ছে। আমার ভাই কাঁদতে কাঁদতে বাঁচার আকুতি জানায়। পরে একই নম্বর থেকে অজ্ঞাত আরও ২-৩ জন ফোন করে টাকা জোগাড় করেছি কি না আমার কাছে জানতে চান।’
ভুক্তভোগীর বোন বলেন, ‘আমি তখন তাদেরকে বলি, আমরা গরিব মানুষ। এত টাকা কোথায় পাব? এক পর্যায়ে ব্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া সেই ব্যক্তি ১৫ লাখ টাকা দাবি করেন। আমাদের কাছে কোনো টাকা নেই জানালে সে আমাকে নগদ ১২ লাখ টাকা নিয়ে যমুনা ফিউচার পার্কে যেতে বলেন। এ সময় সে আমাকে হুমকি দিয়ে বলেন, থানা পুলিশ বা ডিবি পুলিশে জানালে আমার ভাইকে প্রাণে মেরে ফেলবেন।’
রাইয়ানা বলেন, ‘পরে বিকেল সাড়ে ৩টার দিকে সেই ব্যক্তি আমাকে ফোনে করে আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেন। আমার ভাই তখন তাকে খুব মারধর করছে বলে কান্নাজড়িত কণ্ঠে তাদের দাবি করা টাকা দিয়ে দিতে বলে। আমরা তখন তার অবস্থান জানতে চাইলে সে জানায়, তার হাত-পা ও চোখ বাঁধা। সে কোথায় আছে বলতে পারবে না।’
‘পরে আমার কাছে মনে হয়, তারা আমার ভাইকে অপহরণ করে কোথাও আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাতিরঝিল থানায় একটি অভিযোগ করি।’
মামলায় উল্লেখ করা রাইয়ানার মুঠোফোন নম্বর ধরে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অপহরণের লিখিত অভিযোগের ভিত্তিতে র্যাবের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ তাঁদের জানিয়েছে। এই চারজনকে বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখছেন।
