হেফাজতের পরবর্তী মহাসচিব হচ্ছেন মামুনুল হক?

নজর২৪ ডেস্ক- কওমি আলেমদের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত‌্যুর পর তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।

 

ইতোমধ‌্যেই মহাসচিব হিসেবে সংগঠনের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জেহাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নাম উচ্চারিত হচ্ছে।

 

তবে, এই ৩ জনের মধ্যে মামুনুল হকের মহাসচিব পদে আসার সম্ভাবনা বেশিই বলে মনে করছেন অনেকে। তাকে হেফাজতের মহাসচিব করার দাবিও তুলছেন কেউ কেউ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘ভাস্কর্য নির্মাণ ইস্যুতে হেফাজতের বর্তমান আন্দোলনে মাঠে যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তিনি মাওলানা মামুনুল হক। আমরা তাকেই হেফাজতের মহাসচিব পদে দেখতে চাই।’

 

হেফাজতের একাধিক ঘনিষ্ঠ-সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হককে হেফাজতের পরবর্তী মহাসচিব হিসেবে শেষ পর্যন্ত দেখা যেতে পারে। যদিও তার ওপরের পদে আরও কয়েকজন নেতা রয়েছেন। মহাসচিব পদে তার বিকল্প কাউকে ভাবছেন না বেশিরভাগ কওমি আলেম। নূর হোসাইন কাসেমীর পদে মামুনুল হকের পক্ষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের নেতাকর্মীরা আওয়াজ তুলেছেন।

 

তবে, মামলা কিংবা অন্যকোনো কারণে মামুনুল হক রাজি না হলে সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জেহাদী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবের মধ্য থেকে যেকোনো একজনকে মহাসচিব করা হতে পারে।

 

হেফাজতের নেতাকর্মীদের দাবি, মাওলানা কাসেমীর শূন্যপদে মামুনুল হকের বিকল্প নেই। এই মুহূর্তে ভাস্কর্যবিরোধী আন্দোলনের মূলে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে হেফাজতের ব্যানারে বড় ধরনের আন্দোলনের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন এই ধর্মীয় নেতা।

 

শুধু তাই নয়, হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীর ছেলে আনাস মাদানীর পরিবর্তে বাবুনগরীকে কো-অপ্ট করার আন্দোলনেও ভূমিকা ছিল তার। আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতকে একাট্টা করে বাবুনগরীকে হেফাজতের নতুন আমির ও মাওলানা কাসেমীকে মহাসচিব করার নেপথ্যেও কাজ করেছেন তিনি।

 

জানা গেছে, মাওলানা কাসেমীর মৃত্যুর পর আপাতত হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব দায়িত্ব পালন করবেন। কাসেমীর দাফন শেষ হলে সময়-সুযোগ মতো সংগঠনের নেতারা বসে নতুন মহাসচিব নির্বাচিত করবেন।

 

শায়খুল হাদিস নূর হুসাইন কাসেমী গত ১ ডিসেম্বর অসুস্থ হয়ে গেলে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরিক অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরের দিকে এইচডিইউ ইউনিটে নেয়া হয়।

 

শীর্ষস্থানীয় এ প্রবীণ আলেম গুলশান ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ১৩ ডিসেম্বর (রোববার) দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমী ১৯৪৬ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ বোর্ডের কো-চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *