Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

0
212

আন্তর্জাতিক ডেস্ক- খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের একটি সহিংস গোষ্ঠী যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের বাইরে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করেছে। ভারতে সম্প্রতি কৃষিক্ষেত্রে প্রণীত আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের সমর্থনে শিখ-আমেরিকান একদল যুবকের বিক্ষোভকালে এই অবমাননার ঘটনা ঘটে।

 

শনিবার (১২ ডিসেম্বর) ভারতীয় কৃষকদের সঙ্গে সংহতি জানাতে গ্রেটার ওয়াশিংটন ডিসির চারপাশের মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার আশেপাশের শতাধিক শিখ অংশ নেয়।

 

সেই সঙ্গে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ইন্ডিয়ানা, ওহিও এবং উত্তর ক্যারোলিনার মতো অন্যান্য রাজ্যের অনেক বাসিন্দা একত্রিত হয়ে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে ভারতীয় দূতাবাসের কাছে একটি গাড়ি সমাবেশ করে।

 

এ সময় খালিস্তানি পতাকা বহনকারী বিচ্ছিন্নতাবাদী শিখরা ভারতবিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে সেখানে উপস্থিত হলে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশটি খুব তাড়াতাড়িই ভিন্ন রূপ নেয়।

 

এ সময় খালিস্তানপন্থী বেশ কয়েকজন শিখ যুবক অস্ত্র নিয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার উপরে একটি পোস্টার এঁটে দেয়। সেই সঙ্গে ভারতবিরোধী ও খালিস্তানপন্থী স্লোগান দিতে থাকে।

 

এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দূতাবাস বিবৃতিতে জানিয়েছে, শান্তির প্রতীক হিসেবে বিশ্বনন্দিত ব্যক্তির বিরুদ্ধে দুষ্কৃতিদের এই খারাপ কাজের কঠোর নিন্দা করছে দূতাবাস।

 

দূতাবাস মার্কিন আইন রক্ষাকারী সংগঠনের সঙ্গে এর কড়া প্রতিবাদ জানিয়ে ঘটনা তদন্তের জন্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের দ্বারস্থ হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনে পদক্ষেপ চেয়েছে।

 

২০০০ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গান্ধীর ভাস্কর্যটির আবরণ উন্মোচন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here