পরীমণি ও শরিফুলের রাজের মনের মিল কতটা জোরালো তা সবারই জানা। মাত্র এক সপ্তাহের পরিচয়ে প্রেম ও বিয়ে সেরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই তারকা দম্পতি। তবে বিশ্বকাপ ফুটবল তাদের সেই বোঝাপড়ার জগতে হানা দিয়েছে। এখানে দুজনার দুটি মত, দুটি পথ। পরীর পছন্দের দল আর্জেন্টিনা, আর ছোটবেলা থেকেই ব্রাজিলভক্ত রাজ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে খুব চাপে পড়ে পরীর আর্জেন্টনা। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচ জিততেই হতো মেসিদের। এ অবস্থায় দলকে নিয়ে পরী যখন খুব টেনশনে তখন পাশে পান স্বামী শরিফুল রাজকে। দিয়েছেন আকুণ্ঠ সমর্থন।
পরীর দুঃখ ভোলাতে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন রাজ। সেই ছবিও প্রকাশ করেছিলেন নায়িকা। এবার এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন পরী।
তিনি বলেন, ‘আমি তো মেসির পাগল। আমাকে খুশি করতে রাজও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখে। কিন্তু খেলা দেখতে বসে রাজ যেভাবে টিপ্পনী কাটে আমাকে, খেলায় হারার চেয়ে বেশি কষ্ট লাগে।’
পরীমণি বলেন, ‘মেক্সিকোর সঙ্গে প্রথমার্ধে খেলায় আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। খেলা দেখতে বসে টেনশনে আমার এমন হয়।’
এদিকে গতরাতে আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা শেষে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন মেসির জন্য ভালোবাসার অনন্য কিছু কথা৷ পরীমনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’
এর আগে আরেক পোস্টে পরী লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই।’
