ঢাকা: গাইবান্ধা -৫ উপনির্বাচনে ১২৫ কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এর দায়ে এসব কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, ‘১২৫ কেন্দ্রের কর্মকর্তাকে দায়িত্ব পালনে অবহেলায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এক মাসের মধ্যে কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।’
সিইসি আরও বলেন, ‘এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অবহিত করবে নির্বাচন কমিশন। আর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।’
