তালমা নদী উদ্ধারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিলেন উচ্চ আদালত

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের তালমা নদী অবৈধভাবে ভরাট বন্ধ ও দখলমুক্ত করতে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন উচ্চ আদালত। আদালতের আদেশ বাস্তবায়ন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান অ‌্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষ থেকে রিট করা হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি-উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

 

এর আগে ৩ নভেম্বর ‘পঞ্চগড়ে প্রকাশ্যে নদী দখল’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

 

প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে প্রবহমান তালমা নদী দখলে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি শত শত ট্রাক্টর বালু ভরাট করছিল। এর আগে নদী দখল করে গড়ে তোলা হয় হিমালয় বিনোদন পার্কের একটি উল্লেখযোগ্য অংশ। এর ফলে নদীটি অর্ধমৃত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *