মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত আব্দুর রউফ মিয়াকে নব্য আওয়ামী লীগ ও জনবিচ্ছিন্ন দাবি করে তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও ২ শতাধিক মানুষ গণস্বাক্ষর করেছেন আওয়ামী লীগের এক পক্ষ।
সেই সাথে ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদারকে যোগ্য প্রার্থী দাবি করে নৌকা মার্কার মাঝি করার দাবিও জানায় মানববন্ধবকারীরা।
সোমবার (১৬ মে) সকালে দুই ঘন্টাব্যাপী উপজেলার ফতেপুর বাজারে এ কর্মসূচি হয়। স্থানীয় আ.লীগ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন, আ.লীগ মনোনীত প্রার্থী রউফ মিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের মামলার অন্যতম আসামী। সে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুঁড়িয়েছে, তবুও কিভাবে তাকে আ.লীগ মনোনয়ন দেয় সেটি চিন্তার বিষয়। আমরা তার মনোনয়ন বাতিলের দাবি জানাই এবং যোগ্য, ত্যাগী, পরিশ্রমী ব্যক্তিকে মনোনয়ন দেয়ার আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। অন্যথায় আ.লীগের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন ও পদত্যাগের হুঁশিয়ারি দেন নেতারা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, উপজেলা আ.লীগের সাবেক সদস্য বাহার উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সম্পাদক আলী আজম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল মালেকসহ ফতেপুর ইউনিয়ন আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
