আজ থেকেই তাপমাত্রা বাড়বে, দুইদিন পর ঝরবে বৃষ্টি

কুষ্টিয়ার কুমারখালী ও চাঁদপুর জেলায় কমলেও বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী আছে। আজকে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে আমাদের ম্যানুয়াল স্টেশন আছে ৪৩টি। এর মধ্যে আজ ২৩টি স্টেশনের তাপমাত্রা বেড়েছে। মাত্র দুটি স্টেশনের তাপমাত্রা কমেছে। তবে আজকের পর হয়ত এসব জায়গাতেও তাপমাত্রা বাড়তে থাকবে।’

বৃষ্টি হওয়ার কোনো আভাস আছে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ‘আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আর শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বৃষ্টি হলেও সেটা পরিমাণে কম হবে।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের প্রযুক্তি সহায়তায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।

এখন তো ক্লাইমেট (জলবায়ু) অনেক চেঞ্চ (পরিবর্তন) হয়ে পড়েছে। গত বছর বৈশাখ মাস পর্যন্ত ঠাণ্ডা ছিল। এবার হয়তো এর আগেই শীত বিদায় নেবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *