অবশেষে বেড়ানোর সুযোগ পেলেন ভাসানচরের রোহিঙ্গারা

নজর২৪ ডেস্ক- কক্সবাজারে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ভাসানচরের রোহিঙ্গারা। প্রথমবারের মতো স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ানোর সুযোগ পেলেন তারা।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভাসানচর থেকে ৬৫ জনের একটি দল স্বজনদের সঙ্গে দেখা করতে কক্সবাজারের ক্যাম্পে আসেন।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিনিধি এবং ভাসানচরের ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ভাসানচরে অবস্থানরত কিছু রোহিঙ্গা কক্সবাজারের স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে সরকারের অনুমতি সাপেক্ষে ৬৫ রোহিঙ্গার একটি দল কক্সবাজারে রেখে আসা স্বজনদের সঙ্গে দেখা করতে গেছেন।

 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে নৌবাহিনীর একটি জাহাজ এসব রোহিঙ্গাকে ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে ২টি বাসে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। যদি এই দল ঠিকভাবে ফিরে আসে তাহলে এই প্রক্রিয়া চলমান থাকবে। তারা সেখানে ৮ দিন থাকবেন। এরপর ভাসানচরে ফিরবেন।

 

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের অনেক স্বজন এখনও কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ভাসানচরের রোহিঙ্গারা আবেদন করেছিল। সবকিছু বিবেচনা সাপেক্ষে তাদের কক্সবাজার ক্যাম্পে থাকা স্বজনদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *