ইসকন ভক্তের লাশ উদ্ধার, ১৪৪ ধারা ভেঙে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- কুমিল্লার ঘটনার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গতকাল শুক্রবার হামলার পর আজ শনিবার মন্দিরসংলগ্ন পুকুর থেকে এক ইসকন–ভক্তের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম প্রান্ত চন্দ্র দাস (২৬)।

 

আজ শনিবার (১৬ অক্টোবর) সকাল ছয়টার দিকে মন্দিরসংলগ্ন পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে বলে জানান ইসকন মন্দিরের সহসভাপতি হরিপ্রেম প্রসাদ দাস।

 

এ ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা ভেঙে প্রান্তর মরদেহ নিয়ে নোয়াখালী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা।

 

বিক্ষোভের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, ‘১৪৪ ধারা ভেঙে মিছিল ও বিক্ষোভ করছে সনাতন ধর্মাবলম্বীরা। আমরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।’

 

গতকালের হামলা-ভাঙচুরের পর উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে চৌমুহনী পৌরসভা এলাকায়। সকাল ছয়টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার।

 

এদিকে শনিবার বেলা ১২টার দিকে চৌমুহনীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

 

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্যাহ খান সোহেল উপস্থিত ছিলেন।

 

নোয়াখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র শীল জানান, সম্প্রীতি বজায় রাখতে বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল, ডিআইজি, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতবৃন্দের ব্যাপক আলোচনা হয়।

 

ইসকন মন্দিরের প্রভু গোবিন্দ দাস বলেন, গতকাল যে হামলা চালানো হয়েছে তখন প্রান্ত চন্দ্র দাসকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমরা রাত ১২ টার পর পুকুরে তাকে অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু সকাল ৭ টার দিকে তার মরদেহ ভেসে উঠে।

 

হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালীর সভাপতি রনি চৌধুরী ইমন জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে ইসকন ভক্ত প্রান্ত চন্দ্র দাসের লাশ নিয়ে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার সুষ্ঠ বিচার না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, চৌমুহনীর আইনশৃঙ্খলা বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইসকন মন্দিরের পুকুর থেকে উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতনকে জানিয়েছি। দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *