নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে অসহায় আজিজুল হক এর মালিকানাধীন ফসলি জমি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি।
জমির দলিল অনুযায়ী সত্যিকার এই মালিক সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আগ দিঘুলিয়া গ্রামের হারুন অর রশিদ (মৃত) এর ছেলে মোঃ আরজুর নিকট থেকে একই এলাকার ইনছান আলী বেপারী (মৃত) এর ছেলে ভুক্তভোগী মোঃ আজিজুল হক আগ দিঘুলিয়া মৌজার ৩৬৯,৪৬৯,৫১৯ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ৭১ শতাংশ জমি মোট ৮৭,৬০০ টাকায় ক্রয় করে এবং ক্রয়কৃত জমির সাব কবলা দলিল সম্পন্ন করেন।
বর্তমানে উল্লেখিত জমি বিক্রয়কারী মো: আরজু তার জমি বিক্রয় অস্বীকার করে উক্ত জমি নিজ জমি বলে দাবী করে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে এবং ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে ভয়ভীতি দেখাচ্ছে।
সরেজমিনে গেলে এলাকাবাসী সূত্রে জানা যায়, জমির প্রকৃত মালিক মো: আজিজুল এবং জমি নিয়ে সমস্যা সমাধানে কয়েকবার স্থানীয়দের নিয়ে গ্রাম্য সালিশি বৈঠক হয়েছে। কিন্তু সুষ্ঠ সমাধান না হয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে নানা ভাবে হয়রানি করেই যাচ্ছে বিবাদী পক্ষ।
উক্ত বিষয়ে ভারাক্রান্ত মন নিয়ে ভুক্তভোগী জমির মালিক আজিজুল বলেন, এই ৭১ শতাংশ জমির মালিক আমি এবং আমার কাছে যথেষ্ট দালিলিক প্রমাণ আছে। আমার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে স্থানীয় আরজু। প্রতিনিয়ত আমার পরিবারকে নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি এখন অসহায় গরীব এবং এই সমস্যা নিয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। জমি দখল বিষয়ে অভিযুক্ত হুমকিদাতা আরজু এর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
