নজর২৪ ডেস্ক- সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউনের সময় মানুষ যেন ঘরের বাইরে না বের হয় সেদিকে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই মধ্যে লকডাউনের পঞ্চম দিন এসে রাজধানীতে দায়িত্বরত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক নারী চিকিৎসকের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে এলিফ্যান্ট রোডে পুলিশ ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাইলে এ বাদানুবাদ হয়।
সেই নারী চিকিৎসক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি। আর নিউমার্কেট থানা পুলিশের সহযোগিতায় সেখানে দায়িত্ব পালন করছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি প্রাইভেট কারযোগে এলিফেন্ট রোডের ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তার গাড়ি থামিয়ে ডাক্তারের এপ্রোন পরিহিতা জেনির পরিচয়পত্র দেখতে চান। বারবার অনুরোধ করেও তার কাছ পরিচয়পত্র দেখতে পাননি উপস্থিত পুলিশ সদস্যরা। জেনি জানান, তিনি পরিচয়পত্র বাসায় রেখে এসেছেন।
ভিডিও চিত্রে দেখা গেছে, একপর্যায়ে উত্তেজিত হয়ে উঠেন ডাক্তার জেনি।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে পুলিশ সদস্যদের গালিগালাজ করতে থাকেন। তিনি বলেন, করোনায় জীবন গেছে কয়জন ডাক্তারের, আর আপনারা কতজন মরছেন। আমার কাছে আবার চান মুভমেন্ট পাস।
এ সময় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম ওই নারীকে বলেন, আপনি আমাদের ধমক দিচ্ছেন কেন? জবাবে ডাক্তার বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মেয়ে। জবাবে ওসি বলেন, আমিও মুক্তিযোদ্ধার ছেলে। আপনি আমাকে শোনাচ্ছেন মুক্তিযোদ্ধার কথা।
ডাক্তার তখন নিজের পরিচয় সম্পর্কে বলেন, ডাক্তার হয়রানি বন্ধ করতে হবে। আমি বিএসএমএমইউ প্রফেসর, বীর বিক্রমের মেয়ে। আমাকে আপনারা হয়রানি করতে পারেন না। পরে পুলিশের আরেক সদস্য বলেন, আপা আপনাকে তো হয়রানি করা হচ্ছে না। আপনার কাছে পরিচয়পত্র চাওয়া হচ্ছে।
একপর্যায়ে উত্তেজিত হয়ে ডাক্তার জেনি বলেন, তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার। এসময় নিজ গাড়িতে ওঠে যান ওই নারী চিকিৎসক। এসময় পুলিশের এক সদস্য ওই নারীকে বলেন, আপনি আমাকে তুই তুই করে বলছেন কেন? এক পর্যায়ে পুলিশকে তিনি হয়রানি করলে আন্দোলনের হুমকি দেন। পুলিশ জবাবে বলছে, আমাদের আন্দোলনের ভয় দেখাচ্ছেন।
গাড়ির গ্লাসের সামনে দাঁড়িয়ে তখন ওই নারী ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ। এ সময় ওই নারী ডাক্তার জেনি তাদের বলেন, আর আমি কে, সেটা এখন তোদের দেখাচ্ছি হারামজাদা। এই কথা বলে এক উর্ধ্বতন কাউকে কল করছিলেন। ফোনে ওপরপ্রান্তে থাকা ব্যক্তিকে পুলিশ তাকে হয়রানি করছে জানিয়ে ফোনটি পুলিশ সদস্যের হাতে তুলে দেন কথা বলার জন্য।
এসময় তিনি একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। ফোনে কথা বলেন ম্যজিস্ট্রেট। ওই ডাক্তার তখন তার কাছে পুলিশ সদস্যদের ক্ষমা চাওয়ার দাবি করেন। একপর্যায়ে ডাক্তারের অন্য সহকর্মীরা ঘটনাস্থলে এলে বিষয়টি সমাধান হয়। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার জেনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সাঈদা শওকত জেনি গণমাধ্যমকে বলেন, ‘রাস্তার মধ্যে একজন নারী চিকিৎসককে যেভাবে অপমান করা হয়েছে, তা সভ্য কোনো দেশে হতে পারে না। আমি একজন বীর বিক্রমের মেয়ে। আমার বাবা কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাঁচবারের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাই নামে চেনেন। তারপরও এ ধরনের আচরণ করেছে তারা।’
তিনি আরও বলেন, ‘পুরো ঘটনাটি আমি বিএসএমএমইউ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে। না নিলে আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করব। এর বিচার চাইতে যেখানে যেখানে যেতে হয় সেখানে যাব।’
ডা. সাঈদা শওকত জেনি বলেন, ‘আমি ছোট একটা বাচ্চা রেখে শুধু মানুষের সেবা করার জন্য বের হয়েছি। করোনার মধ্যে যেখানে আত্মীয়স্বজনকে রোগীরা পান না, সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এর বদলে এ ধরনের আচরণ! চিকিৎসকরা পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ।’
এ প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব শেখ মামুনুর রশিদ বলেন, ‘তার (চিকিৎসক) কাছে আইডি কার্ড চাইতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমাদের গালিগালাজ করতে থাকেন। তাকে শান্ত করার চেষ্টা করেও পারিনি। একপর্যায়ে বিএসএমএমইউ থেকে ডাক্তাররা এসে ওনার পক্ষ থেকে আমাদের কাছে স্যরি বলেছেন।’
তিনি আরও বলেন, ‘ডাক্তারদের ভুয়া অ্যাপ্রন লাগিয়ে অনেকেই রাস্তায় বের হয়েছেন। তার আইডি কার্ড নাই, সেটা ভালোভাবে বললেই আমরা ছেড়ে দিতাম। কিন্তু তিনি পুলিশের সঙ্গে যে আচরণ করেছেন তাতে রীতিমতো অবাক হয়েছি। তারপরও চেষ্টা করেছি বিষয়টি সামাল দিতে।’
মুক্তিযোদ্ধার সন্তান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা। আপনি যদি দেখতে চান, আপনাকে গেজেট পাঠাতে পারি।’
মামুনুর রশিদ বলেন, ‘করোনা মহামারির সময় আমরা সবাই যুদ্ধ করছি। এমন পরিস্থিতিতে যদি ফ্রন্ট লাইনে থাকা ডাক্তার, প্রশাসন, পুলিশ, সাংবাদিক— নিজেরা যদি এভাবে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ি তাহলে সাধারণ মানুষ কী ভাববে? সবার উচিত রাগ সামলে নিজেকে কন্ট্রোল করা।’
