নজর২৪ ডেস্ক- ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন। বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেবো। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেবো। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেবো।’
তিনি আরও বলেন, ‘আমরা ভ্যাকসিন নেবো। সবাইকে আগে দিয়ে নিই। আগেই যদি আমরা নিয়ে নিই তাহলে সবাই বলবে আগে আগে নিয়ে নিলো। আগামী ৭ তারিখে যখন দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।’
মন্ত্রী বলেন, এরই মধ্যে দেশে ৫০ লাখ ভ্যাকসিন এসেছে। এ পর্যন্ত যত ভ্যাকসিন উৎপাদন হয়েছে তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ।
তিনি বলেন, প্রথমে ডাক্তার, নার্স, সেনাবাহিনী, পুলিশ, মিডিয়াকর্মী অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। প্রতিজনের দুইটি করে টিকার ডোজ লাগবে। টিকা দেয়ার পর যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তাদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছি।
