এ ধরনের নির্বাচনের কোনও মানে হয় না: চরমোনাই পীর

নজর২৪ ডেস্ক- ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন সাধারণ ছুটি বাতিল করে প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এ ধরনের নির্বাচনের কোনও মানে হয় না। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির নিয়ম আগে থেকে ছিল। ছুটি না থাকলে ভোটাররা কীভাবে ভোট দেবেন।’

 

তিনি বলেন, ‘চসিক নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম নির্বাচন কমিশন বরাবর বহু আগ থেকেই চিঠি দিয়ে আগের মতো নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার আবেদন করে আসছেন। এভাবে নির্বাচনের নামে প্রহসনের কোনও প্রয়োজন ছিল না।’

 

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘খোদ নির্বাচন কমিশনে চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন সাংবিধানিক এ সংস্থাটিকে প্রশ্নবিদ্ধ করে অথর্ব কমিশনে পরিণত হয়েছে। চসিক নির্বাচন নিয়ে কোনও ধরনেরর অনিয়ম দেখা গেলে চট্টলাবাসী প্রতিহত করতে বাধ্য হবে।’

 

পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জান্নাতুল ইসলামকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি ও মাদকমুক্ত চট্টগ্রাম সিটি গড়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজে আল্লাহভীরু মেয়র প্রতিষ্ঠিত না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *