বাদীকে বিয়ের শর্তে জামিন মিলল সাবেক এমপি আরজুর

পাবনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে ধর্ষণ মামলায় দুই শর্তে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালত এ আদেশ দেন। শর্ত দুটি হলো: ভুক্তভোগীকে ভরণপোষণ বাবদ ৫০ লাখ টাকা দেয়া এবং তাকে বিয়ে করা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডি এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ এ মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন দিয়েছেন। মেয়ের ভরণপোষণের জন্য পঞ্চাশ লাখ টাকা ও বিয়ের কাবিনের জন্য দুই লাখ টাকা দেওয়ার শর্তে দশ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন আদালত। আমরা দশ লাখ টাকা চেকে এবং বাকি চল্লিশ লাখ টাকা পে অর্ডারের মাধ্যমে বাদীকে দিয়েছি।

এর আগে, নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় করা ধর্ষণ মামলায় গত ২২ ফেব্রুয়ারি একই আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই সময় বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ জানুয়ারি একই আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *