দর্শক আমাকে অন্য রকম চরিত্রে দেখতে পাবেন: মিম

‘পরাণ’ এবং ‘দামাল’ মুক্তির পর থেকে দারুণ ছন্দে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘মানুষ’। যেখানে তার বিপরীতে কাজ করেছেন সুপারস্টার জিৎ।

এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে। যেখানে একেবারে সাদামাটা নারী হিসেবে হাজির হয়েছেন তিনি। তবে থাকবে বিশেষ গুণ।

এ সিরিজে বিদ্যা সিনহা মিম রয়েছেন গৃহবধূর ভূমিকায়। যিনি তার স্বামীকে খুঁজছেন। এক সময় তিনি স্বামীর খোঁজে মফস্বল ছেড়ে ঢাকায় আসেন, আর এই রঙিন শহরে কঠিন প্রতিবন্ধকতার মুখে পড়েন।

তবে কি তার স্বামী হারিয়ে গেছেন? নাকি অন্য কোনো ঘটনা? রহস্যটা কী?—এমন প্রশ্নে বেশি কিছু বলতে চাইলেন না মিম। তিনি বলেন, ‘চিত্রনাট্য পড়ে মনে হলো চরিত্রটি আসলে আমার জন্যই লেখা, এমন গল্পে আগে কখনো কাজ করিনি। আমি চেষ্টা করি কোনো চরিত্রে কাজ করে ফেললে ওই চরিত্রটির যেন পুনরাবৃত্তি না ঘটে। তো এভাবেই এখানে অন্য রকম একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।’

থ্রিলার-রহস্যধর্মী গল্পে সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। নির্মাণ হচ্ছে কপ ক্রিয়েশনের ব্যানারে। জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় এর শুটিং শুরু হয়। এখন শেষ দিকের কাজ চলছে মানিকগঞ্জে। মিমের সহশিল্পী হিসেবে এ সিরিজে রয়েছেন এফএস নাঈম, সুমিতসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *