তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে যাওয়ার পথে ভূঞাপুর পৌরসভার মেয়র এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি প্রার্থী মাসুদুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন ১২ জন। এ সময় দুইটি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় আহত সাংবাদিকরা হলেন- ঢাকাপোস্ট.কমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ। পরে হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ করে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলা করেন স্থানীয় এমপি তানভীর হাসানের (ছোট মনি) সমর্থকেরা।
জানা গেছে, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণ করে।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করার জন্য গোপালপুর উপজেলার আলমনগর যাচ্ছিলেন। এসময় অতর্কিত হামলা চালানো হয়। এসময় সাংবাদিকরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের উপর হামলা চালায়।
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এসময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার পোষা বাহিনীরা আমাদের উপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় দুইটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিষয়টি খুবই দু:খজনক। ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।
