কাতার বিশ্বকাপ আসরের পর্দা নেমেছে দুইদিন আগেই। তবে শেষ হয়েও যেন হচ্ছেনা শেষ, সবখানেই চলছে লিওনেল মেসির আর্জেন্টিনা বন্দনা। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপার মুকুট পুনরুদ্ধার করেছে প্রয়াত কিংবদন্তি ডিয়াগো মারাডোনার উত্তরসূরীরা। এদিকে আর্জেন্টিনার এমন জয়ে দারুণ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২-এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে কথা বলার এক পর্যায়ে বিসিবি বস লিওনেল মেসিকে সর্বকালের সেরার খেতাবও দিয়ে দিলেন।
যেমনটা বলছিলেন পাপন, ‘মেসি হচ্ছে অল-টাইম গ্রেট। ওর এটাই হচ্ছে শেষ বিশ্বকাপ। একটা জিনিসই মিসিং ছিল, যতগুলো রেকর্ড করছে কেউ ভাঙতে পারবে না। সেজন্য সে বিশ্বকাপ পেয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ সে আমার প্রিয় খেলোয়াড়।’
পাপন যোগ করেন, ‘মস্কোতে হওয়া ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল আমি মাঠে বসে দেখেছিলাম। সেই ফাইনালের চেয়েও এবারের ফাইনাল অনেক বেশি জমজমাট ছিল। এর আরেকটি অন্যতম কারণ আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ও মেসির মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের হাতে বিশ্বকাপের ছোঁয়া।’
আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখতে না পারার আক্ষেপ অবশ্য ঝরেছে পাপনের কন্ঠে। বলছেন, ‘ফাইনাল ম্যাচ দেখতে আমার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততা ও বাংলাদেশ ভারতের চলমান সিরিজের জন্য যাওয়া হয়নি। তবে এখন অনেক আফসোস হচ্ছে কেন মাঠে গেলাম না। তাহলে সামনাসামনি বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচটা দেখতে পারতাম।’
ফুটবলের ব্যস্ততায় অনেকেই ভুলে গেছে দেশের ক্রিকেটের কথা। বিশ্বকাপ ফাইনালের দিনই চট্টগ্রাম টেস্টে টাইগাররা হেরেছে ১৮৮ রানে। যেখানে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছিল সাকিব বাহিনী। সিনিয়রদের ব্যাটে রান নেই। যা নিয়ে বড় দুশ্চিন্তা বিসিবি সভাপতির।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি বলছি না যে ম্যাচটা আমরা জিততে পারতাম। কিন্তু আমি বলছি, ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত। প্রথম ইনিংসের ব্যাটিংটা এত খারাপ না হলে আমরা ড্রয়ের দিকে নিয়ে যেতে পারতাম। যাদের ওপর সবচেয়ে বেশি আস্থা রেখেছিলাম, তারা একেবারেই হতাশ করেছে।’
চট্টগ্রামে অসংখ্য না পাওয়ার মাঝে নিশ্চয়ই একমাত্র প্রাপ্তি অভিষিক্ত জাকির হোসেনের সেঞ্চুরি। অভিষেক ম্যাচে বাংলাদেশি কোনো ওপেনার হিসেবে একমাত্র ব্যাটার। তাই তো বিসিবি সভাপতির মুখে প্রশংসা ঝরল এই বাঁহাতি ব্যাটারের। ঢাকা টেস্টের দলে নেই তামিম। ওয়ানডে অধিনায়কের সঙ্গে কথা বলেছেন পাপন।
তিনি বলেন, ‘এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে ওপেন করা অত্যন্ত কঠিন ব্যাপার। সেখানে জাকিরকে দিয়েছিলাম। তাকে নিয়ে যে খুব একটা আশা করেছিলাম, সেটা না। কিন্তু যা আশা করেছিলাম, তার চেয়ে সে অনেক বেশি দিয়েছে।’
দ্বিতীয় টেস্ট মিরপুরে হবে বলে ইতিবাচক প্রত্যাশা রাখছেন এই বোর্ড কর্মকর্তা।
