আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ অ্যান্টোনিও মাতেউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা। বিশ্বকাপে বাকি থাকা ম্যাচগুলোতে আর রেফারিং করবেন না মাতেউ।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১৯ টি কার্ড দেখিয়েছিলেন মাতেউ। এরপর সমালোচনার মুখে পড়েন স্প্যানিশ এই রেফারি। তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। এরপরই হয়তো মেসির কথায় কান দিয়ে মাতেউকে বাড়ি পাঠিয়ে দেয় ফিফা।
ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করে মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারির সমালোচনা করে বলেছিলেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’
তাদের এই সমালোচনার পরেই নড়েচড়ে বসে ফিফা। এই ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে রেফারির বিরুদ্ধে। শনিবার ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে অব্যাহতি দেয়া হচ্ছে ম্যাতেও লাহোজকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন এক খবরে জানিয়েছে, কাতার বিশ্বকাপ থেকে লাহোজকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ এই রেফারি এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না।
