শরিফুল রাজকে আমি ৩ লাখ টাকাও দেব না: ইকবাল

পরপর দুটি চলচ্চিত্র আলোচিত হওয়ায় শরিফুল রাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন নির্মাতারা। নিজেদের সিনেমায় অভিনয় করাতে চাইছেন তাকে। কিন্তু শোনা গেছে, পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে মিলছে না নির্মাতাদের। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন হুট করে জনপ্রিয় হয়ে ওঠা এই নায়ক।

অনেকে তার এই পারিশ্রমিক আকাশচুম্বী মনে করলেও রাজ মনে করছেন বিষয়টি স্বাভাবিক। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বলেছেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবেন, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

এদিকে চলতি বছর রাজের দুটি সিনেমা আলোচনায় আসার পেছনে গল্পের ভূমিকা ছিল বেশি। তা ছাড়া ‘পরাণে’ তিনি আলো ছড়ালেও ‘হাওয়া’ আলোকিত ছিল চঞ্চল চৌধুরীর আলোয়। তাই বলা চলে চলচ্চিত্রাঙ্গনে তার আসন এখনও মজবুত হয়নি! যেতে হবে বহুদূর।

ঠিক এ সময় এমন চোখ কপালে ওঠা পারিশ্রমিক হাঁকানো নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল।

সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘৩০ লাখ ৪০ লাখ টাকার আর্টিস্ট যদি হয় তাহলে তো সমস্যা নেই। কিন্তু সে কয়টা সিনেমা করেছে? সে (রাজ) ৩০ লাখ টাকা চাইতেই পারে, তবে আমার কাছে চাইলে আমি ৩ লাখ টাকাও দেব না।’

ইকবাল বলেন, ‘তার একটা সিনেমা ভালো করেছে তাও ‘দিন দ্য ডে’ সিনেমার জন্য। না হলে হিট হতো নাকি। তারপরে সিনেমা রিলিজ হয়েছে না ‘দামাল’, কি অবস্থা সেটার আপনারা সবাই জানেন। এসব চাপাবাজি দিয়ে সিনেমা চলে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *