ঢাকা: সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।
পরে অপেশাদার আচরণ করায় কনস্টেবল মো.শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে দাঁড়িয়ে লাইভ সম্প্রচারের সময় নাগরিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেন ওই পুলিশ সদস্য। সে সময় টেলিভিশনটির দুপুরের বুলেটিনে সরাসরি সম্প্রচার চলছিল।
পুলিশি বাধার পুরো ঘটনাটিও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। ওই পুলিশ সদস্য জবরদস্তি সরাসরি সম্প্রচার বন্ধ করে সাংবাদিককে পুলিশ বক্সে আটকে রাখার চেষ্টা করেন এবং তাকে উদ্দেশ করে আপত্তিকর কথা বলেন।
