তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অর্থসহায়তা ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার শরীরে বেশ জ্বর।
তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
হাছান মাহমুদ এর আগে আরও দুবার করোনায় আক্রান্ত হয়েছেন। তৃতীয় দফা করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন তিনি।
