চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন চিত্রনায়িকা মুনমুন!

ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রীদের একজন চিত্রনায়িকা মুনমুন। ১৯৯৭ সালে গুণী পরিচালক এহতেশামের ‘মৌমাছি’ সিনেমার মধ্য দিয়ে রূপালি ভুবনে তার পথচলা শুরু। এরপর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন প্রায় ৮৫টি সিনেমা। জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গেও।

মাঝে নানা বিতর্কের কারণে সিনেমা থেকে দূরে সরে যান মুনমুন। এবার এই অভিনেত্রী চলচ্চিত্র ছেড়ে দেয়ার আভাস দিলেন।

‘নিষিদ্ধ নারী’খ্যাত চিত্রনায়িকা মুনমুন অভিনীত ‘রাগী’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি।

সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘রাগী’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছি। অন্যরকম একটি চরিত্র ছিল। একদম গতানুগতিকের বাইরে এসে কাজ করার ইচ্ছা আমার। তাই কাজটি করা।’ সামনে পছন্দমতো চরিত্র না পেলে চলচ্চিত্র থেকে বিদায় নেবেন তিনি।

এ নায়িকা বলেন, ‘দিন দিন চলচ্চিত্রের অবস্থা ভালো হচ্ছে। গল্পে ভিন্নতা আসছে, দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য গল্পের প্রতি বেশি গুরুত্ব দিয়ে সিনেমায় অভিনয় করতে চাই। কিন্তু সে ধরনের গল্পনির্ভর চরিত্র না পাওয়ায় আমি কাজ করছি না। সামনে হয়তো দর্শক আর নতুন কোনো কাজে আমাকে দেখতে পাবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *