২০১৫ সালে যুক্তরাজ্যের নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম। রাত-দিন এক করে পড়তে হতো তাকে। পরিবার ছেড়ে বিদেশে যাওয়া, সেটাই সিয়ামের জন্য ছিল কষ্টের। এর মধ্যে আবার সারা দিন ক্লাস আর পড়াশোনা। সব মিলিয়ে সিয়ামের ভাষ্যে ‘সেটা খুবই টাফ সময় ছিল আমার জন্য।’
এর মধ্যে আসে ঈদ। পরিবার-বন্ধু-স্বজনদের ছাড়া প্রথম ঈদ কাটাতে হয়েছিল চিত্রনায়কের। কেমন ছিল সেই ঈদের দিন?
সিয়াম বলেন, ‘আমরা যেখানে থাকতাম, সেখানে অনেক বাঙালি ছিল। তাই ঈদের নামাজটা আমরা একসঙ্গে পড়লাম। নামাজ শেষে যখন বাসায় ফিরলাম তখন হলো বিপত্তি।
‘ঈদের দিন সেমাই খাব না, সেটা কেমন করে হয়। কিন্তু কেউ সেমাই বানাতে পারে না। দেশে হলে না হয় ফোন করে শুনে শুনে করা যেত, সেটাও সম্ভব না। তখন আমাদের একজন ইউটিউব দেখে দেখে সেমাই রান্না করল।’
সেমাই খাওয়ার সময়টা ছিল আরও বেদনাদায়ক। সিয়াম বলেন, ‘সেমাই মুখে দিতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সেমাইয়ের স্বাদ কেমন, সেদিকে কারও খেয়াল নেই। সবার পরিবারের কথা মনে পড়ছে। আর সবাই কাঁদছে।’
সেই পরিস্থিতি পার করে তার পরপরই আবার পড়তে বসতে হয়েছিল সিয়ামদের।
