নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে কবুল করে নেন। এরপর এ বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকে সিনেমার ব্যস্ততা আর অসুস্থতার কারণে সেভাবে কোথাও যাওয়া হয়নি রাজ ও পরীর। ঢাকার মধ্যেই টুকটাক ঘুরেছেন। এবার সমুদ্রের নগরী কক্সবাজারে উড়াল দিয়েছেন তারা। ঈদ করতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, বিস্তীর্ণ সৈকত আর বালিয়াড়ি বেছে নিয়েছেন এ দম্পতি।
এই সফরকে রাজ-পরীর হানিমুনও বলা চলে। কেননা বিয়ের পর এই প্রথম তারা দূরে কোথাও অবকাশ যাপনে গেছেন। তাদেরকে বরণ করে নিতে কক্সবাজারের হোটেলেও দেখা গেল বিস্তর আয়োজন। রাজ-পরী যে রুমে থাকছেন, সেটার বিছানা সাজানো হয়েছে ফুল দিয়ে। টাওয়াল দিয়ে বানানো হয়েছে জোড়া হাঁস। একেবারে হানিমুন দম্পতিদের মতোই আপ্যায়ন।
যদিও রাজ কিংবা পরী স্পষ্ট করে জানাননি, এটা তাদের হানিমুন কিনা। তবে এটুকু নিশ্চিত করেছেন, ঈদ উদযাপন করতে তারা কক্সবাজারে গেছেন। এই সফরে তাদের সঙ্গে আছেন পরীর নানা শামসুল হকও।
এর আগে সোমবার সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানের কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে দেখা যায় সঙ্গে রয়েছেন রাজ ও অভিনেত্রীর নানা।
ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘ঈদের ছুটি’। তবে কোথায় যাচ্ছেন তা জানাননি সেখানে। তবে সন্ধ্যায় রাজ ছবি পোস্ট করে জানান দিলেন তারা এখন কক্সবাজার।
বিয়ের পর এটিই প্রথম একসঙ্গে ঈদ করছেন রাজ-পরী। গত বছরের ১৭ অক্টোবর চিত্রনায়ক রাজকে বিয়ে করেন পরীমনি। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা।
