দেড় মিনিটের কিলিং মিশন, টিপুর শরীরে ১২টি গুলি

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু নিহত হন। ঘটনাস্থলের পাশে রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি নামে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।

প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, কিলিং মিশনটি চলে মাত্র দেড় মিনিট। একজন হামলাকারীর মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র দেড় মিনিটে হত্যাকারী কিলিং মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মারা যায় টিপু।

এ বিষয়ে শুক্রবার (২৫ মার্চ) দুপুরে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ বলেন, খুব অল্প সময়ে কিলিং মিশনটি শেষ করে দুর্বৃত্তরা। তারা কিলিং মিশন শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। একজন হামলাকারীরা ১২ রাউন্ড গুলি ছুড়েন কিলিং মিশনে।

অন্যদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে উপস্থিত টিপুর বন্ধু মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনার সময় টিপুর গাড়িতে ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সর্বোচ্চ দেড় মিনিট সময় ধরে হত্যাকারী গুলি ছুড়ে। এর পর দৌড়ে পালিয়ে যায়। গুলি লাগার পর টিপু কোনো কথা বলেনি। গুলি লাগার পর সঙ্গে সঙ্গেই সে মারা যায় বলে তখন তাকে দেখে বুঝতে পারলাম।

তিনি বলেন, আমরা যখন যানজটে পড়ি তখন এলোপাতাড়ি গুলি আসতে থাকে আমাদের দিকে। তবে কে গুলি ছুড়ছিল তা আমরা দেখিনি। টিপু ভাই চালকের পাশে বসা ছিলেন, আমরা পেছনে ছিলাম দুই জন। শুধু বৃষ্টির মতো গুলি আসছিল, আমরা কিছু বুঝতে পারেনি কাউকে চিনতেও পারেনি। গাড়ির দরজার গ্লাসের ওপর দিয়ে গুলি ছুড়া হয়, গুলি গ্লাস ভেদ করে জাহিদুলকে বিদ্ধ করে। এ সময় গাড়ির চালক মুন্নার হাতেও গুলি লাগে। তখন মুন্না এক হাতে গাড়ি চালিয়ে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে যায়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ বলেন, এক থেকে দেড় মিনিটের একটি কিলিং মিশন ছিল এটি। মুহূর্তের মধ্যে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে টিপুর শরীরে অন্তত ১২টি গুলি লেগেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কথাও বলেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে নিহত কলেজছাত্রীর বাবা মো. জামাল উদ্দিন বলেন, আমার মেয়ের পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। তাকে একটা গুলি লাগার ছবি দেখানো হয়েছে।

শুক্রবার শাহজাহানপুর থানায় এ ঘটনায় মামলা হয়েছে। পিন্টুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন।

কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। মোটরসাইকেল আরোহী খুনি আগে থেকেই টিপুর গাড়িকে অনুসরণ করে আসছিল। এ নিয়ে ওই এলাকায় চাপা উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার আবদুল আহাদ বলেন, রাতে ব্যক্তিগত মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-২০-০৩৮০) বাসার দিকে যাচ্ছিলেন টিপু। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালে আটকে ছিল তার গাড়ি। তখন মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে মুহূর্তের মধ্যে অনবরত গুলি চালায়। এতে তিনি ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় পাশের রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু ও ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *