এবার প্রকাশ্যে কাঁদলেন জায়েদ খান, চাইলেন ক্ষমা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে যেন কান্নার জোয়ার এসেছে। বিভিন্ন ঘটনা, প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে একাধিক তারকাকে কান্না করতে দেখা গেছে।

প্রথমে চিত্রনায়ক রিয়াজ কেঁদেছেন; সেই কান্না নিয়ে হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা। এরপর কান্নার মিছিলে সামিল হন নায়িকা নাসরিন। এবার কাঁদলেন চিত্রনায়ক জায়েদ খান। আসন্ন নির্বাচনে তিনি লড়ছেন সাধারণ সম্পাদক পদে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভায় মা নেই, বাবা নেই ও নিজেকে এতিম মন্তব্য করে কেঁদে ফেলেন তিনি।

এ সময় জায়েদ খান বলেন, আমার মা সদ্য মারা গিয়েছেন। বাবাকেও হারিয়েছে অনেক আগে। আমি এখন এতিম। এই শিল্পী সমিতিই এখন আমার সব। সমিতির সদস্যরাই আমার পরিবার। সমিতির সিনিয়র শিল্পীরা আমার বাবা-মা। তাই যদি ভালো কাজ করে থাকি আমাকে ভোট দিন। মিশা-জায়েদের পুরো প্যানেলকে জয়যুক্ত করুন। অনেকগুলৌা ভালো কাজের ভিড়ে কিছু ‍ভুল থাকতেই পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।’

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।

আজ নিজেদের প্যানেল পরিচিত সভায় নিজের বক্তব্যে, বিগত দুই মেয়াদে সাধারণ সম্পাদকদের দায়িত্ব পালন কালে শিল্পীদের উন্নয়নে কি কি কাজ করেছেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন জায়েদ। দাবি করেন তিনি নেতৃত্বে আসার পর থেকেই শিল্পীদের পাশে ছিলেন এবং থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *