বিনোদন ডেস্ক- টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ভেঙে গেছে। নতুন করে আবার প্রেমে জড়িয়েছেন। এই সম্পর্কে তিনি সন্তানের মা-ও হয়েছেন। নানা বিতর্ক আর সমালোচনার মোকাবিলা করে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গেই জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী। যদিও নুসরাত ও যশ বিয়ে করেছেন কি না, সেই রহস্য এখনও অনাবৃত।
হাজারো বিতর্ক সহ্য করে নুসরাত মাতৃত্ব উপভোগ করছেন। ঘর সামলে আবার সিনেমা, রাজনীতির কাজও করছেন হরদম। তবে মা হওয়ার পর নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন নুসরাত। কিন্তু কেন?
আসলে ছোট্ট ঈশানের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করছেন নুসরাত। সন্তান লালন করা কত কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এ কারণে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন।
একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নুসরাত বলেন, ‘সেসব দিনের কথা মনে করে নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি আমি। বলেছি, যদি তোমাকে এভাবেই বিরক্ত করে থাকি, তা হলে আমায় ক্ষমা করে দিও।’
সংসার সামলানো বাইরের কাজের চেয়ে কোনো অংশে কম নয় বলে মনে করেন নুসরাত। তার ভাষ্য, ‘লোকে ভাবে, বাইরের কাজ বেশি কঠিন। কিন্তু বাড়ির ভেতরে যে পরিমাণ কাজ থাকে, তা সামলাতেও ক্ষমতা থাকা দরকার। আর যখন ঘরে-বাইরে দুই-ই সামলাতে হয়, থাক সে কথা আর না বললাম মঞ্চে দাঁড়িয়ে!’
