সু চির ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক- সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক শাসক।

 

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। সামরিক সরকারের বিরোধিতা করে উসকানি ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে সু চিকে এ কারাদণ্ড দেওয়া হয়।

 

৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে দেশটির জান্তা সরকার বিভিন্ন অভিযোগে এক ডজনের মতো মামলা করেছে। যদিও এ নেত্রী তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন।

 

সু চির বিরুদ্ধে প্রায় ১০ মাসে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি, প্রতারণা, করোনাভাইরাস মহামারিকালীন বিধিনিষেধ উপেক্ষা, অবৈধ ওয়াকিটকি আমদানিসহ কমপক্ষে ১২টি মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী।

 

সব শেষ তার বিরুদ্ধে হেলিকপ্টার কেনা ও ভাঢ়া দেয়ায় দুর্নীতির অভিযোগে একটি মামলা করে সেনা সরকার।

 

৭৬ বছর বয়সী সু চি তার দেশের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। গত বছর তার দল এনএলডি আবার নির্বাচিত হলে সেনাবাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ আনে।

 

গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে ক্ষমতা নেয় সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *