নজর২৪, ঢাকা- প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১ আগস্ট) দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সবকিছুই ভাবতে হয়।’
তিনি বলেন, ‘এখন দেশের উত্তরাঞ্চলে সংক্রমণ কম। মধ্যাঞ্চলে সংক্রমণ স্থিতিশীল। পূর্বাঞ্চল তথা কুমিল্লায় বাড়ছে। কিন্তু হাসপাতালে শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় আক্রান্তদের ১ দশমিক ৬ শতাংশ মৃত্যুবরণ করে। আমাদের জীবনের জন্য জীবিকার দরকার আছে। আবার জীবিকার জন্য তো জীবনও থাকতে হবে। আমাদের এই দুটো ব্যালেন্স করতে হয়। সরকারের সে ব্যালেন্স করে চলতে হয় কিন্তু ব্যালেন্স সবসময় রাখা যায় না।
জাহিদ মালেক বলেন, বিশ্বের অনেক দেশ খুলে দিয়েছিল আবার বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়াতে কারফিউ দিয়েছিল। যুক্তরাষ্ট্রে মাস্ক পড়ার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল কিন্তু আবার পড়তে বলেছে। অনেক জায়গায় রেস্টুরেন্ট খুলে দিয়েছিল আবার বন্ধ করে দিয়েছে। সবজায়গায় একই অবস্থা। সেজন্য আমাদেরকেও সাবধানে এগুতে হবে। সবকিছু ভেবেই এগুতে হবে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। কারণ সংক্রমণ বৃদ্ধি পেলে মৃত্যুর হার বাড়বে।
বিধিনিষেধ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিধিনিষেধ থাকতে হবে। আমরা তো এখনও করোনা ফ্রি হইনি। আমাদের দেশে এখনও করোনা ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে। বিধিনিষেধের মধ্যেই তা মেনে কাজ করতে হবে। টিকা কর্মসূচি শুরু করেছি আমরা, এটাও একটা বড় হাতিয়ার করোনার বিরুদ্ধে। টিকা আমরা আগে সেভাবে পাইনি যার ফলে দিতে পারিনি। এখন প্রত্যেক সপ্তাহে টিকা আসছে। আমরা টিকা দেওয়ার একটা বড় পরিকল্পনা হাতে নিয়েছি।
