আন্তর্জাতিক ডেস্ক- ভারতে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার নবীন সদস্য কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশি নাগরিক কি না, এমনই চাঞ্চল্যকর প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানালেন বিরোধীদল কংগ্রেসের জেষ্ঠ্য নেতা ও অসমের রাজ্যসভার সদস্য রিপুণ বোরা৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে (বারাক বাংলা, রিপাবলিক টিভি ত্রিপুরা, ইন্ডিয়া টুডে, বিজনেস স্ট্যান্ডার্ড) প্রকাশিত খবরের ভিত্তিতেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রিপুণ বোরা৷
চিঠিতে তিনি লিখেছেন, নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশি নাগরিক৷ তার জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর গ্রামে৷ কম্পিউটার বিষয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং ডিগ্রি লাভের পর প্রথমে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে পরবর্তীতে তিনি কোচবিহারের সাংসদ হয়েছেন৷’
চিঠিতে কংগ্রেস সাংসদ আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার বাংলাদেশের বাড়িতে নিশীথের ভাইসহ পরিবারের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷
কংগ্রেস সাংসদের আরও অভিযোগ, কারসাজি করে নির্বাচনী হলফনামায় নিজের জন্মস্থান গাইবান্ধার স্থানে কোচবিহার দেখিয়েছেন নিশীথ৷
রিপুণ ভোরা প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘এই খবর যদি সত্যি হয় তা হলে তা অত্যন্ত ভয়াবহ ও স্পর্শকাতর একটি বিষয় হয়ে দাঁড়াবে৷
কারণ একজন বিদেশি নাগরিক ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন৷ আপনার কাছে আমার অনুরোধ, নিশীথ প্রামাণিকের প্রকৃত জন্মস্থান কোথায় তা জানতে তদন্তের নির্দেশ দিন৷ যাতে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে স্বচ্ছতা বজায় থাকে এবং এ বিষয়ে দেশ জুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়৷’
এরপর তৃণমূল নেতারাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করেন, ‘রাজ্যসভার সংসদ সদস্য সঠিক প্রশ্নই করছেন।’
পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘আমি হতবাক এবং স্তম্ভিত যে, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক হতে পারেন।’
কিন্তু, বিজেপি অবশ্য এ ধরনের মন্তব্য উড়িয়ে দিয়েছে। দলটির পশ্চিমবঙ্গের মুখপাত্র সমিক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তাদের প্রমাণ দেখাতে দাও। শুধু আঙুল তোলাই যথেষ্ট নয়।’
এই বিজেপি নেতা আরও জানান, নিশিত প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের কেউ এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রতিমন্ত্রী হিসেবে নিশীথ প্রামাণিকের নিয়োগের কথা উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে নিশীথকে ‘বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা এলাকার হরিনাথপুরের সফল পুত্র’ হিসেবে বর্ণনা করা হয়। এরপরই তার নাগরিকত্ব নিয়ে এই প্রশ্ন উত্থাপিত হয়।
বিজেপি নেতা সমিক ভট্টাচার্য আরও বলেছেন, ‘তিনি পশ্চিমবঙ্গে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন।’
বাংলাদেশে ধর্মীয় সংগঠন হিসেবে পরিচয় দেওয়া ‘পূজার মেলা’ ফেসবুক থেকে সেই পোস্টটি মুছে ফেলেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজে অবশ্য এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। রোববার তিনি দিল্লিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সেই ছবি টুইট করেছেন। গতকালও দিয়েছেন ভারতের অলিম্পিক প্রতিযোগীদের সঙ্গে দেখা করার ছবি। কিন্তু তার নাগরিকত্বের প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখনও একটিও শব্দ লেখেননি তিনি।
