নজর২৪ ডেস্ক- রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কওমি মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়ায় কর্তৃত্ব হারাচ্ছেন আলোচিত হেফাজত নেতা মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক। কেবল তিনি নিজে নন, মাদ্রাসাটি তিনি যাদেরকে নিয়ে নিয়ন্ত্রণ করতেন, তাদের সবাইকেই বাদ দেয়া হচ্ছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মাদ্রাসাটা দখলে নেন সে সময় বিএনপির শরিক ইসলামী ঐক্যজোটের নেতা আজিজুল হক। তার ছেলে মাহফুজুল হক মাদ্রাসাটির অধ্যক্ষ।
গত এপ্রিলের শুরুতে মামুনুল হক নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার দুই সপ্তাহ পর ১৮ এপ্রিল গ্রেপ্তারের পর তার পরিবারের মাদ্রাসা দখলের বিষয়টি আবার সামনে আসে।
সেই বিতর্ক স্থিমিত হয়ে আসার মধ্যেই মাহফুজুলকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাহফুজ বিন হাবিব।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘যারা মাদ্রাসা পরিচালনা পর্ষদে আছে, তারা মাদ্রাসা ছেড়ে দিচ্ছে।’
পরিচালনা পর্ষদের সব সদস্যই দায়িত্ব ছাড়ছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘জ্বি, জ্বি’।
কী কারণে পরিচালনা পর্ষদ মাদ্রাসা ছাড়ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারি সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না। আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। এখনও নোটিশ আসেনি। কবে থেকে সিদ্ধান্ত বলবৎ হবে, এটা সরকার বলতে পারবে।’
মাদ্রাসায় কর্তৃত্ব হারালে মাহফুজুল কোন পদে থাকবেন, এমন প্রশ্নে তিনি কিছু বলতে চাননি। বলেন, তারা বিজ্ঞপ্তি দেবেন, সেখানেই সব উল্লেখ থাকবে।
মাহফুজুল হক কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার মহাসচিব। পাশাপাশি তিনি সদ্য বাতিল হয়ে যাওয়া হেফাজতে ইসলামের কমিটির নায়েবে আমির ছিলেন।
মাহফুজুলের ভাই মামুনুল হক নিজেও এই মাদ্রাসার শিক্ষক। নেতৃত্বে পরিবর্তন আসলেও তাকে মাদ্রাসা থেকে বাদ দেয়া হচ্ছে কি না, সেটি নিশ্চিত করেননি মাহফুজ বিন হাবিব।
তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হক এখানকার শিক্ষক। তিনি তো এখন ভেতরে (জেলে)। উনি বাইরে থাকলে বলতে পারলাম। এটা উনার বিষয় তিনি থাকবে কি থাকবেন না।’
তবে মাহফুজুল হকের বক্তব্য পাওয় যায়নি। গত দুই দিন ধরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।
মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের মাদ্রাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পাশেই তার বাসা। তবে সেখানেও একাধিক দিন গিয়ে তাকে পাওয়া যায়নি।
