নজর২৪, মুন্সিগঞ্জ- খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে হত্যা, তারপর রান্নাঘরে লাশ মাটিতে পুঁতে সেখানেই দুইমাস ১৪দিন রান্না চালিয়ে গেছেন স্ত্রী। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সদর উপজেলার পূর্বশীলমন্দি এলাকায়।
এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন আকলিমা আকলিমা আক্তার ও রিয়াজ নামে একজনকে।
নিহত আরাফাত মোল্লার মাটিচাপা দেহাবশেষও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মৃতের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এর আগে এইদিন সকাল ১১টায় আকলিমাকে আটক করা হয়।
আরাফাত পূর্বশীলমন্দি এলাকার দুখাই মোল্লার ছেলে। আকলিমা-আরাফাত পরিবারে চারটি সন্তান রয়েছে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের গত ২মে আরাফাত নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৫ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আকলিমা। পরবর্তীতে ৩০ মে একটি মামলা করেন। মামলার পর তদন্ত চালায় পুলিশ। তদন্তের একপর্যায় শুক্রবার সকালে আকলিমার সঙ্গে এক প্রতিবেশীর কথোপকথনের ভিডিও পুলিশের হাতে আসে।
পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, আকলিমাই আরাফাতকে হত্যা করে ঘরের পাশের রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন প্রতিবেশীর কাছে। পরে বেলা ১১টার দিকে আকলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরকীয়াকে কেন্দ্র করে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
পরে আকলিমাকে ঘটনাস্থলে নেয়া হলে মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন তিনি। বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী আকলিমা ও জড়িত সন্দেহে রিয়াজ নামের আরেকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাটিতে পুঁতে রাখা নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
