ইভ্যালির অস্তিত্ব টিকে না থাকার ঝূঁকি তৈরি হচ্ছে: বাংলাদেশ ব্যাংক

নজর২৪ ডেস্ক- অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি বর্তমানে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের সবচেয়ে আলোচিত নাম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির আর্থিক নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।

 

গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর বর্তমানে দেনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০৩.৮০ কোটি টাকা, কিন্তু বর্তমানে কোম্পানিটির চলতি সম্পদের পরিমান ৬৫.১৭ কোটি টাকা। যা দিয়ে কোন অবস্থাতেই কোম্পানিটির এই দায় পরিশোধ করার সক্ষমতা নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এছাড়া কোম্পানিটি চলতি দায় ও লোকসানের দুষ্ট চক্রে বাঁধা পড়েছে’ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘ক্রমাগতভাবে সৃষ্ট দায় নিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকে না থাকার ঝূঁকি তৈরি হচ্ছে।’

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সম্প্রতি ইভ্যালি ডট কম এর উপর পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ৬ জন কর্মকর্তার একটি দল পাঁচদিন ব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।

 

‘কোম্পানিটি শুরু থেকেই লোকসান করে আসছে এবং সময়ের সাথে সাথে লোকসানের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ইভ্যালী পূর্বের দায় পরিশোধ এবং লোকসান আড়াল করার জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার (যেমন-সাইক্লোন, আর্থকোয়েক ইত্যাদি নামে মূলত ব্যাপক হ্রাসকৃত মূল্যে বা লোকসানে পণ্য সরবরাহ) এর মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে তাদের নিকট হতে অর্থ সংগ্রহ করছে’- যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়ের ব্যবধান অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত নতুন দায় সৃষ্টির (গ্রাহক ও মার্চেন্টদের কাছে দায় বৃদ্ধি) মাধ্যমে পুরাতন দায় পরিশোধের ব্যবস্থা করে যাচ্ছে। এজন্য নতুন গ্রাহক আকৃষ্ট করতে আরও অধিক হারে ডিসকাউন্ট বা অফার করে যাচ্ছে। এতে সম্পদ ও দায়ের ব্যবধান আরও বৃদ্ধি পাচ্ছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনভিত্তিক কোম্পানিটির মোট গ্রাহক সংখ্যা ৪৪,৮৫,২৩৪ জন। ক্রয়াদেশ বাতিল, ইভ্যালির দেওয়া ক্যাশব্যাক, বিক্রিত গিফটকার্ডের সমন্বয়ে এসব গ্রাহকদের ইভ্যালি ভার্চুয়াল আইডিতে (একাউন্ট, হোল্ডিং, গিফটকার্ড, ক্যাশব্যাক) মোট ৭৩.৩৯ কোটি টাকা মূল্যমানের ই-ভ্যালু সংরক্ষিত ছিল। অথচ ওই দিন শেষে ইভ্যালি ডট কম লিমিটেডের ১০টি ব্যাংক হিসাবে মোট ২.০৪ কোটি টাকা জমা ছিল।

 

ইভ্যালি ডটকম লিমিটেডের কর্মকান্ডে সার্বিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, লোকসানে পণ্য বিক্রি করার কারণে ইভ্যালি গ্রাহক হতে অগ্রিম মূল্য নেওয়ার পরও মার্চেন্টদের কাছে বকেয়া অস্বাভাবিকভাবে বাড়ছে।

 

‘বিপুল পরিমাণ লোকসানে পণ্য বিক্রির ফলে ই-কমার্স ব্যবসায় অসুস্থ প্রতিযোগিতা তৈরির আশঙ্কা রয়েছে, যা অন্য কোম্পানিগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণে উৎসাহিত করবে। ফলে ভালো ও সৎ ই-কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এক সময় এইখাতের প্রতি মানুষের আস্থা কমে যাবে।’

 

‘গ্রাহক ও মার্চেন্ট এর বকেয়া ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এক সময় বিপুল সংখ্যক গ্রাহক ও মার্চেন্টের পাওনা অর্থ না পাওয়ার ঝূঁকি তৈরি হবে এবং এর ফলে সার্বিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে’- যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের দেওয়া ইভ্যালীর স্টেটমেন্ট অব ফাইন্যান্সিয়াল পজিশন অনুযায়ী, গত ১৪ মার্চ তারিখে প্রতিষ্ঠানটির মোট দায় (ইক্যুইটি বাদে) অপেক্ষা মোট সম্পদের ঘাটতি ৩১৫.৪৯ কোটি টাকা, চলতি দায় (ইক্যুইটি বাদে) অপেক্ষা চলতি সম্পদের ঘাটতি ৩৪২ কোটি টাকা। অর্থাৎ, ইভ্যালীর মোট সম্পদ প্রতিষ্ঠানটির মোট দায়ের মাত্র ২২.৫২% এবং চলতি সম্পদের পরিমাণ চলতি দায়ের মাত্র ১৬.০১%। কোম্পানিটির ১ কোটি টাকার শেয়ার মূলধনের বিপরীতে ২৬.৫১ কোটি টাকার স্থায়ী সম্পদ রয়েছে কিন্তু কোন দীর্ঘমেয়াদি দায় নেই।

 

মোট সম্পদ ও মোট দায়ের মধ্যে এ ধরণের অসামঞ্জস্যতা, চলতি দায় অপেক্ষা চলতি সম্পদের বিপুল ঘাটতি, চলতি দায় হতে স্থায়ী সম্পদ তৈরির প্রক্রিয়া কোম্পানিটির সম্পদ-দায় ব্যবস্থাপনার ত্রুটি নির্দেশ করে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

ক্রয়াদেশ প্রাপ্তির ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে কোন কোন ক্ষেত্রে গ্রাহককে তার পরিশোধিত হ্রাসকৃত মূল্যের পরিবর্তে পণ্যটির বাজার মূল্য (যা পরিশোধিত মূল্য অপেক্ষা অধিক) ফেরত দিয়ে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করে ইভ্যালী। এর ফলে বিপুল সংখ্যক গ্রাহক লোভনীয় মূল্যছাড়ে পণ্য বা পরিশোধিত অর্থ হতে অনেক বেশি অর্থ ফেরত পাওয়ার আশায় ই-ভ্যালির প্রতি আকৃষ্ট হচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

 

পণ্যমূল্যের অগ্রিম হিসাবে সাধারণ গ্রাহকের বিপুল অর্থ ব্যবহার করে উচ্চ ডিসকাউন্ট প্রদানের মাধ্যমে ইভ্যালী গ্রাহকের অর্থ ঝুঁকিতে ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

২০২০ সালের জুলাই থেকে গত ১৪ মার্চ পর্যন্ত ইভ্যালীর মোট আয় (রেভিনিউ) ২৮.৫৪ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির সেলস ব্যয় ২০৭ কোটি টাকা।

 

এ তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘কোম্পানিটি প্রতি এক টাকা আয়ের জন্য তিন টাকা ৫৭ পয়সা বিক্রয় ব্যয় করেছে বলে স্টেটমেন্টে প্রদর্শন করেছে এবং এই অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে সন্তোষজনক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।’

 

২০১৭-১৮ অর্থবছর ব্যবসায়িক কার্যক্রম শুরুর বছর থেকেই ইভ্যালী লোকসানে রয়েছে এবং দিন দিন এর লোকসান বাড়ছে। প্রথম বছর কোম্পানিটির নিট লোকসান ছিল ১.৬৮ লাখ টাকা। গত ১৪ মার্চে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৩১৬.৪৯ কোটি টাকা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কোন কোম্পানি কার্যক্রম শুরুর পর প্রাথমিক অবস্থায় কিছু লোকসান দিতে পারে কিন্তু অল্প মূলধন নিয়ে ক্রমাগতভাবে লোবসান দিয়ে গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও নতুন করে দায় সৃষ্টির মাধ্যমে পুরনো দায় পরিশোধ করা কোম্পানিটির জন্য অত্যন্ত ঝূঁকিপূর্ণ এবং আর্থিক ব্যবস্থাপনার অন্যতম ঘাটতি নির্দেশ করে। অদূর ভবিষ্যতে এই পরিমাণ দায়দেনা কাটিয়ে উঠার কোন গ্রহণযোগ্য পরিকল্পনা বা সম্ভাবনা পরিদর্শনকালে পরিলক্ষিত হয়নি। ফলে ক্রমাগতভাবে সৃষ্ট দায় দিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকে না থাকার ঝূঁকি তৈরি হচ্ছে।

 

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকের কাছ থেকে পণ্যমূল্যের অগ্রিম হিসেবে নেওয়া অর্থ কোনরূপ লাভ-ক্ষতি বা কমিশন হিসাবায়ন ছাড়াই ইভ্যালি উচ্চ হারে পরিচালন ও বিপণণে ব্যয় করছে। অগ্রিম টাকা পেতে হ্রাসকৃত মূল্যে পণ্য সরবরাহ করা এবং কোম্পানির আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের কারণে বিপুল পরিমাণ লোকসানের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *