নজর২৪, রংপুর- রংপুরে দায়িত্ব পালনকালে (ডিউটিরত অবস্থায়) আশরাফুল আলম (৪০) নামে এক পুলিশ কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) কনস্টেবল পদে দেশসেবায় নিয়োজিত ছিলেন আশরাফুল আলম। তিনি ২০০১ সালের জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাতে প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় পুলিশের গাড়িতে ছিলেন তিনি। এসময় অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (এসআই) মজনু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফুল আলম রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনায়। তার বাবা মরহুম হাজী আফজাল হোসেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী আবিদা সুলতানা আইরিন ও ছেলে আরিফুজ্জামান উৎসসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুলিশ বিভাগে শোকের ছায়া নেমেছে।
