এবার টানা ৩ দিন অবরোধ কর্মসূচির ডাক বিএনপির

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শেষে এবার টানা তিন দিন অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর এ কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।

কর্মসূচিতে বাধা, নেতাকর্মীদের ওপর হামলা ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সন্ধ্যায় (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহতি ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্রমঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিএনপি এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল (৩০ অক্টোবর) গ্যাপ দিয়ে ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব। সড়ক, রেল ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *