গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে।
রাকিব সরকার চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী। তাঁরা দুজনেই ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। এ হামলার পেছনে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের হাত আছে বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন মাহি। তবে তার সেই অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যা দিলেন জিএমপি কমিশনার।
মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামে এক প্রতিপক্ষ তাদের গাড়ির শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে তাকে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। বিনিময়ে দেড় কোটি টাকা নিয়েছেন তিনি।
এদিকে নায়িকার অভিযোগের বিষয়ে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, ‘এই অভিযোগ ডাহা মিথ্যা। দুপক্ষের দ্বন্দ্বে পুলিশকে জড়ানোর কিছু নেই। একটি শ্রেণি দীর্ঘদিন ধরেই এই এলাকায় চাঁদাবাজি, দখলদার ও মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জিএমপি। আর তাই তারা একজন সেলিব্রেটিকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট অভিযোগ এনেছে। এ ঘটনায় আমি কিংবা গাজীপুর মহানগর পুলিশের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘রকিব সরকার জমি দখল করে নিয়েছেন- এই মর্মে প্রতিপক্ষ গ্রুপ মামলার আবেদন করেছেন। তবে আমি জিএমপিতে যোগদানের পর কোনো পক্ষই জমির বিষয়টি আমার সামনে আনেনি। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনিও না। মাহির এই অভিযোগে আমি মর্মাহত।’
এদিকে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শো রুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
