‘ব্যক্তি কাজী হায়াৎ স্বাধীনতা পেলেও চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ অদ্যবদি মুক্তি পায়নি’- অমর একুশে ফ্রেব্রুয়ারি উপলক্ষে এফডিসির শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এভাবেই মতবাদ ব্যক্ত করেন চলচ্চিত্র পরিচালক সমিতির নেতা কাজী হায়াৎ।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন হয়েছি, আমাদের ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে কিন্তু আমরা সেন্সর থেকে মুক্তি পাইনি।’
চলচ্চিত্র সেন্সরবোর্ডের নাম বাংলায় রাখার জোর দাবি জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘একান্ন বছরেও আমাদের চলচ্চিত্র সনদপত্র (সেন্সরবোর্ড) বিভাগকে আজও বাংলা করা হয়নি। সেটা ইংরেজি সেন্সর বোর্ডই রয়ে গেছে। সেন্সরবোর্ডের নীতিমালা যা আছে তাই থাকুন। কেবল সেন্সর ছাড়পত্রের জায়গায় সনদপত্র করে দেওয়া হোক।’
