রাজনীতির মাঠে আটঘাট বেঁধে নেমেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার হয়ে মনোনয়ন সংগ্রহ করার পর থেকেই ব্যস্ত আছেন তিনি। দেখা করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে।
গতকাল শুক্রবার তিনি দেখা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে। এসময় মাহি ও তার স্বামী গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব সিটি মেয়রের পা ছুঁয়ে দোয়া নেন।
এরপর এই নায়িকা দেখা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে। এই সাক্ষাতের সময়ও সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব।
মাহি জানান, সবার দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছি।
এদিকে, উপ-নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ থেকেই মাহি গণসংযোগ শুরু করেছেন। গেল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছেন তিনি। তার আগের দিন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ও নাচোল পৌরসভার বিভিন্ন এলাকায় যান এই চিত্রনায়িকা।
এরপর বৃহস্পতিবার ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনেন মাহি।
উল্লেখ্য, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির আমিনুল ইসলাম। এই আসনে আগামী ১ ফেব্রুয়ারি হবে উপনির্বাচন।
মনোনয়ন ফরম তোলার পর মাহি বলেন, ‘আমি স্বামীকে বলছিলাম, ন্যূনতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব এবং এই আসন নৌকাকে এনে দেব ইনশা আল্লাহ।’
হঠাৎ চাঁপাইনবাবগঞ্জের এ আসনে চিত্রনায়িকা ও নাচোলের মেয়ে শারমিন আক্তারের (মাহিয়া মাহি) আগমনের বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
