বিএনপিকে বিদায় জানালেন আবদুস সাত্তার

দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপিই ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিক উকিল আবদুস সাত্তার। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদসহ বিএনপির সব ধরনের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাতে সংবাদমাধ্যমকে আবদুস সাত্তার বলেন, “বৃহস্পতিবার আমি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যসহ সকল পদ থেকে ইস্তফা দিয়েছি। বৃহস্পতিবার এই সংক্রান্ত রেজিগনেশন লেটার কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছিয়ে দেওয়া হয়েছে।”

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তিগত কারণ।” শুধু কি পদ ছেড়েছেন- জানতে চাইলে প্রবীণ এ রাজনীতিক বলেন, “দলেও নেই। দলের সকল পদ এবং সদস্যপদসহ সব কিছু থেকে পদত্যাগ করেছি।”

তার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া বলেন, আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না।

নিজ উপজেলা কমিটি গঠনের ব্যাপারেও তার বাবার পরামর্শ নেওয়া হচ্ছে না উল্লেখ করে মাঈনুল হাসান বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কল করলেও ধরেন না। তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন।

আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আমাদের পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুস সাত্তার ভূঁইয়া। ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এ শূন্য আসনে উপ-নির্বাচন হবে। আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একবার টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *