নতুন বছরে একসঙ্গে আসছেন শাকিব-বুবলী

মান-অভিমান এখনো কাটেনি শাকিব-বুবলীর। বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছে বিচ্ছেদের খবর। এক সঙ্গে হওয়া তো দূরের কথা, একে অপরের ছায়াও মাড়ান না তারা। তবে সুখবর, নতুন বছরে এক সঙ্গে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাকিব-বুবলী। কারণ নতুন বছরে মুক্তি পাবে তাদের অভিনীত ‘লিডার-আমিই বাংলাদেশ’।

তপু খান পরিচালিত ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতার ছবি ‘লিডার আমিই বাংলাদেশে’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যদেরও বেশ উপভোগ্য মনে হয়েছে। গল্পে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। হয়তো দর্শকদের কাছেও ভালো লাগবে।

নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের।’

পরিচালক তপু জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। তারাই সব কিছু দেখাশোনা করছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শেষের দিকে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ভালোবাসা দিবস অথবা ঈদে মুক্তি দেওয়া হবে ছবিটি।

২০২১ সালের মে মাসের শেষ দিকে শুরু হয় লিডার: আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। এরপর শাকিব খানের আমেরিকা চলে যাওয়াসহ নানা কারণে শেষ হচ্ছিলনা সিনেমাটির দৃশ্যধারণ।

শেষ ২০২২ সালের অক্টোবরে একটি গানের শুটিং করার মাধ্যমে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারণ। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *