বাংলাদেশের খেলা থাকলে কাউকেই আইপিএলে ছাড়া হবে না: পাপন

এক আসরে বাংলাদেশের তিনজন জাতীয় ক্রিকেটার এবারই প্রথম আইপিএলে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আর লিটন দাস অংশ নেবেন আসন্ন আসরটিতে।

সাকিব আর লিটনকে নিলামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে মোস্তাফিজ আগেরবারের মতোই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে কেউই আইপিএল খেলতে পারবেন না।

গতকাল ২৬ ডিসেম্বর ধানমন্ডিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএল প্রসঙ্গে পাপন বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরইমধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এমন ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

২০২৩ সালের মার্চ-এপ্রিলে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ। ১ টেস্ট ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আইরিশরা। এই সময়টাতেই শুরু হওয়ার কথা আইপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *