রোনালদোকে নিয়ে সেই গুঞ্জনই অবশেষে সত্য হলো

বিশ্বকাপের তৃতীয় দিনে একের পর বড় খবর ভেসে আসছে। লিওনেল মেসিদের সৌদি আরবের বিপক্ষে হারের পর ডেনমার্ককে রুখে দেয় তিউনিসিয়া। বিশ্বকাপের উন্মাদনা যখন চমক দিচ্ছে সমর্থকদের ঠিক তখনই সুদূর ইংল্যান্ড থেকে আসল ক্লাব ফুটবলের বড় খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। যৌথ চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে রেড ড্যাভিল শিবির ছেড়েছেন রোনালদো। গুঞ্জন ছিল আগেই। অবশেষে তাই সত্য হল।

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেডের কোচ ও কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেন রোনালদো।

সেই সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনো সম্মান নেই, কারণ টেন হাগও রোনালদোর প্রতি কোনো সম্মান দেখান না। সে সাক্ষাৎকারে ইউনাইটেড তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেছিলেন রোনালদো। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই চুক্তি বাতিল।

রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, ‘দুই মেয়াদে অসামান্য অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে।’

তারা রোনালদোকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিবৃতিতে আরও লিখেছে, ‘দলের বাকিরা টেন হাগের অধীনে দলের উন্নতিতে মনোযোগ দেবে এবং এক সঙ্গে কাজ করে মাঠে সাফল্যের জন্য লড়বে।’

ইউনাইটেড ছাড়ার প্রতিক্রিয়ায় রোনালদো বিবৃতিতে বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আগেই চুক্তি শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে রোনালদো আরও বলেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং ভক্তদের ভালোবাসি। সেটা কখনো বদলাবে না। যাই হোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। আমি মৌসুমের বাকি সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *