১ মাস পর বাড়ি ফিরলেন আবু হেনা রনি

ঢাকা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রায় এক মাস চিকিৎসা শেষে আজ শনিবার রনিসহ দগ্ধ পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে ঘটা করে বিদায় জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

তাদের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে অভিব্যক্তি প্রকাশ করে আবু হেনা রনি বলেন, ‘আমি নতুন জীবন পেয়েছি। আর সেটা সম্ভব হয়েছে চিকিৎসকদের কল্যাণে।’ এসময় মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যরা।

আবু হেনা রনি বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। দেশে চিকিৎসা ব্যবস্থার উপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা পেয়েছি।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাৎক্ষণিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।

দগ্ধ অন্যরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় সেদিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *