মাহি-আদরের সিনেমা দেখে স্বপ্নপূরণ দবির চাচার

করোনা মহামারির সময় লন্ডন প্রবাসী বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরীকে (দবির চাচা) নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়েছিল। ১০২ বছর বয়সী মানুষটি লকডাউনের সময় হেঁটে হেঁটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। সে বিখ্যাত মানুষটির বাড়ি সিলেটে। তিনি এবার দেশে এসেছেন আদর আজাদ ও মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার জন্য।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে বিকেলের শো দেখেন তিনি। এ সময় দবিরুল ইসলাম জানান, দীর্ঘ ত্রিশ বছর পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন তিনি। আর সিনেমাটি তার হৃদয় ছুঁয়ে গেছে।

সিনেমাটি দেখার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে দবিরুল ইসলাম বলেন, অসম্ভব ভালো লেগেছে। যেভবে সিনেমাটির কথা শুনেছিলাম দেখে তার চেয়েও বেশি ভালো লেগেছে। সিনেমাটির গানগুলোও মিনিংফুল।

গেল ৭ অক্টোবর দেশজুড়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে ৯টি হলে প্রদর্শিত হচ্ছে।

এর আগে সিনেমাটি মুক্তি সামনে রেখে ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হয়েছিলেন দবিরুল ইসলাম।

ওই সময় দবিরুল ইসলাম চৌধুরী জানান, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির গান ও ট্রেলার তার ছেলে তাকে দেখিয়েছে। দেখে তার অনেক ভালো লেগেছে। তাই দেশের মাটির গন্ধ আছে এমন সিনেমা তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে চান। এ স্বপ্ন নিয়ে লন্ডন থেকে তিনি দেশে এসেছেন।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও রোমেল চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *