ইউজিসির নির্দেশনা অনুযায়ীই হবে কুবির ভর্তি পরীক্ষা

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: একক কোনো সিদ্ধান্ত নয় বরং ইউজিসির নির্দেশনা অনুযায়ীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২০-২১ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য। ভর্তি পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষিতে তিনি এই কথা জানান।

 

সম্প্রতি, ইউজিসি ও উপাচার্য কোরামের প্রস্তাবনা অনুযায়ী বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের তৈরি সফটওয়ারের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমত পোষন নিয়ে আলোচনা-সমালোচনার তৈরি হয়।

 

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কি ভাবছে তা জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ভর্তি পরীক্ষা একটি বড় কর্মযজ্ঞ। তাই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রনালয় যে সিদ্ধান্ত নেবে, যে পরিকল্পনা দেবে সে অনুযায়ীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখানে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ইউজিসি এবং শিক্ষামন্ত্রী শীঘ্রই বসবেন সেখান থেকে নিশ্চয়ই ভর্তি পরীক্ষা নিয়ে একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা আসবে।”

 

এর আগে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে ঢাবি, রাবি, জাবি ও চবি সরে এসে সশরীরে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে যোগাযোগ করা হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর পিএসসিতে কাজ করার অভিজ্ঞতা টেনে বলেন, ‘পিএসসিতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে হলে বিভাগীয় শহর, সমস্ত ডিসিদের ইনভলভ করতে হবে। প্রশ্নপত্র পৌঁছানোসহ আরও অনেককিছু আছে যা সরকার ইনভলভ না হলে সহজ নয়। আর সরকার চাইছে অনলাইনে পরীক্ষা হোক।

 

‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জগন্নাথ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সরকারিভাবে একসাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিবে, এটাই ভাইস চ্যান্সেলর কোরামে সর্বশেষ সিদ্ধান্ত। তারপর আবারও ইউজিসির সাথে মিটিং হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *