Home ফিচার প্রাথমিকে ছুটি আরও ১৬ দিন বাড়ালো শিক্ষা অধিদপ্তর, মোট ৭৬ দিন

প্রাথমিকে ছুটি আরও ১৬ দিন বাড়ালো শিক্ষা অধিদপ্তর, মোট ৭৬ দিন

0
16

২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কম হওয়ায় প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপরই ছুটি বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা করা হয়েছে।

নতুন ছুটির তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ের মতোই প্রাথমিক বিদ্যালয়েও বছরে ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। ছুটি বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

রোববার (৩১ ডিসেম্বর) নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এ তালিকায় ২৮ ডিসেম্বর সই করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অন্য কর্মকর্তারা।

এর আগে ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। আর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি ৭৬ দিন। প্রাথমিকের ৬০ দিন ছুটির মধ্যে দুই ঈদ, দুর্গাপূজা, গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি ৪৩ দিন। বাকি দিনগুলো সরকারি ও অবৈতনিক ছুটি। সাপ্তাহিক বন্ধ দুই দিন (শুক্র ও শনিবার) ধরে এ তালিকা করা হয়।

ছুটির ওই তালিকা প্রকাশের পর থেকে প্রাথমিকের শিক্ষকরা নানাভাবে আপত্তি জানান। তারা বলেন, নতুন পরিমার্জিত শিক্ষাক্রম অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে প্রাথমিকের ছোট শিশুরা বেশি ছুটি পাওয়ার কথা। অথচ হয়েছে তার উল্টো!

আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।

অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ছুটির তালিকায় সমন্বয় করেছে। এতে আমরা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালকসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্ত‌রিক কৃতজ্ঞতা জানা‌চ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here