মেহজাবীন সমস্ত পুরস্কার পাওয়ার যোগ্য: শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে লাক্স সুন্দরী হয়ে শোবিজে যাত্রা করেন তিনি। বর্তমান সময়ে একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন তিনি। সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী।

কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে।

দর্শক-সমালোচক সকলেই অকপটে স্বীকার করেন, অভিনয়ে অনেকখানি পরিণত হয়েছেন মেহজাবীন। তার সমসাময়িক কাজগুলো দেখলে মুগ্ধতায় অবাক হতে হয় সবাইকেই। তেমনই মুগ্ধ হয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

মেহুর অভিনয় ফারিয়াকে এতোটাই ছুঁয়ে গেছে যে, তিনি প্রকাশ্যেই সেটা বলে ফেললেন। এমনকি মেহজাবীনের বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকেও বেমানান বলে জানালেন তিনি।

সম্প্রতি প্রকাশ হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। এগুলো হলো ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ভাইরাল গার্ল’ ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’। অন্যদিকে শবনম ফারিয়া মনোনয়ন পেয়েছেন আবু বকর রোকন পরিচালিত ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য।

নিজের জন্য ভোট না চেয়ে ফারিয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন মেহজাবীনের জন্য। মেহুর ‘চিরকাল আজ’ নাটকের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “চিরকাল আজ’-এ মেহজাবীনের অভিনয় দেখার পর, আমি নিজের জন্য কারো কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।”

পুরস্কারের মঞ্চে একে-অন্যের প্রতিদ্বন্দ্বী। এরপরও এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর এমন উদারতা, ভালোবাসা মুগ্ধ করছে নেটিজেনদের। পোস্টটির জন্য অনেকেই ধন্যবাদ দিয়েছেন ফারিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *