তিন নায়িকা নিয়ে ফিরছেন শাকিব খান!

দীর্ঘদিন প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না শাকিব খানের। তারকা নায়কের ছবি দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্ত ও দর্শকরা। তাদের অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। জানা গেছে, তার দুটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে।

আসছে ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি। এই দুটি সিনেমায় শাকিব তিন নায়িকা নিয়ে দর্শকের সামনে আসবেন। তারা হলেন শবনম বুবলী, পূজা চেরী ও মৃদুলা।

এ ছবিগুলোতে ভিন্ন দুটি গল্প ও চরিত্র নিয়ে হাজির হবেন শাকিব। তারমধ্যে ‘গলুই’ সিনেমা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক এস এ হক অলিক। ’

২০২০-২১ সালে সরকারি অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় আরও রয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, ‘‘গলুই’ ঈদের মুক্তি দেবো। সেভাবে সিনেমার কাজ চলছে। আশা করছি শাকিব খানকে এখানে দর্শক নতুন লুকে দেখতে পারবে।’

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’র মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এবার রোজার ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘বিদ্রোহী’ সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমার দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি ‘বিদ্রোহী’ দেখতে দর্শক হলে আসবে।’

‘বিদ্রোহী’ শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *