কিসের অবাঞ্চিত? আমি মাত্র শুটিং করে এলাম: পীরজাদা হারুন

গত ২৮ জানুয়ারি ছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তাকে নিয়ে কেউ যেনো সিনেমা না করেন, সে আহ্বানও জানান।

তবে এসব থুরাই কেয়ার করছেন পীরজাদা হারুন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম।

সংবাদমাধ্যমকে পীরজাদা হারুন বলেন, কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্চিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না। যদি করতাম তাহলে শুটিং করতে পারতাম না।

তিনি বলেন, মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ ছবির শুটিং করেছি। আমি অবাঞ্চিত হলে শুটিং করতাম কীভাবে?

পীরজাদা হারুন বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে একাধিকবার একাধিক শিল্পীদের অবাঞ্চিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্চিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *